রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর ভাটারা থানার নর্দা এলাকায় দুটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও রবিউল (২২)। নিহতদের বাড়ি বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায়।
আহতদের কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যাক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে গিয়ে উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।
খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিস এসে বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ জানান, গুলিস্তানমুখী আকাশ পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত ইসলাম পরিবহনের বাসসহ ক্ষতিগ্রস্ত বাসটি রেকার দিয়ে সরিয়ে থানায় নেওয়া হয়েছে। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ইসলাম পরিবহনের চালক ও হেল্পার পলাতক রয়েছেন।
