চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে পকেটমার সন্দেহে এক বৃদ্ধাকে জনসম্মুখে চরমভাবে লাঞ্ছিত ও মাথা ন্যাড়া করে দেওয়ার অমানবিক অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই অবমাননাকর ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করেছে। আইনের শাসন উপেক্ষা করে এমন বর্বর ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা।
শনিবার (৪ এপ্রিল) নলছিটি উপজেলার নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক হাটে বাজার করতে আসা পার্শ্ববর্তী রানাপাশা এলাকার বাসিন্দা রুস্তম আলী ফরাজীর পকেট থেকে ১ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে ওই বৃদ্ধাকে আটক করা হয়। তবে অভিযুক্ত বৃদ্ধা নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ঘটনার পর পান্নু হাওলাদারসহ কয়েকজন ব্যক্তি তাকে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার একাংশ ন্যাড়া করে দেন। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
স্থানীয় সচেতন নাগরিকরা এ ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত ছিল।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
