বিষখালী ভাঙন রোধে ২৪ কিমি বেড়িবাঁধের আশ্বাস এমপি জামালের
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। গতকাল বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
এসময় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে ২৪ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন এমপি জামাল। পরিদর্শনকালে তিনি আগামী ১০ দিনের মধ্যে বাদুরতলা বাজার ও লঞ্চঘাট এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।
বিকেলে বাদুরতলা লঞ্চঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী ফুল দিয়ে সংসদ সদস্যকে স্বাগত জানান। পরে তিনি রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির নির্বাহী কর্মকর্তা নিলয় পাশা, বিএনপির রাজাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হক নান্টুসহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে এমপি জামাল বলেন, “বিগত সরকার শুধু লুটপাট করেছে। নদীতীরবর্তী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বর্তমান সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ করবে। সামনে বর্ষাকাল হওয়ায় আপাতত জিওব্যাগ ফেলে বাদুরতলা বাজার রক্ষার কাজ আগামী ১০ দিনের মধ্যে শুরু হবে।”
তিনি আরও বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক মেরামত, নদীভাঙন রোধ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।
এসময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে বসতভিটা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ার কথা তুলে ধরে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
