ডেবিট-ক্রেডিট কার্ডের বিষয়ে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটালে রূপান্তর করার ক্ষেত্রে কয়েক ধরনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সতর্কমূলক বার্তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন প্রদান করছে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভিসহ সংবেদনশীল তথ্য উক্ত প্রতিষ্ঠানের নিকট শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডেবিট বা ক্রেডিট কার্ড মেটালে রূপান্তরে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ প্রক্রিয়ায় কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এছাড়াও ,এতে গ্রাহকের আর্থিক ক্ষতির পাশাপাশি তথ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং সামগ্রিক কার্ড ব্যবস্থাপনাতেও ঝুঁকি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অননুমোদিত এসব প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে কার্ড সংক্রান্ত তথ্য প্রদানসহ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরকরণ থেকে সকল গ্রাহককে বিরত থাকার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের সতর্কবার্তায় বলেছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকসমূহের সর্বোচ্চ অগ্রাধিকার।
