সম্পত্তির দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যা, দুই বছর পর কঙ্কাল উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:২৮ পিএম
ফাইল ছবি
নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাঁদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন কমলা বেগম (৩২) ও তাঁর ছেলে মো. নোমান (৯)। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী।
সিআইডি সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তাঁর শিশুপুত্র নোমানকে হত্যা করা হয়। পরে শুকনো মৌসুমে লাশ গুম করতে তাঁদের বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটিচাপা দেওয়া হয়।
দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার হওয়া রাজু, সাগর ও টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালী সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও ইনচার্জ মো. রাইছুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় জিআর মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ সময় স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
