ভিজিএফ বিতরণ
১০ কেজির স্থলে মিলছে ৮ কেজি!
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে বাঞ্ছারামপুর পৌরসভায় ভিজিএফ খাদ্যশস্য বিতরণে ব্যাপক অনিয়ম ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। পৌরসভার প্রায় দেড় হাজার হতদরিদ্র মানুষের মধ্যে এ খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
রোববার সকাল থেকে উপজেলা অডিটোরিয়ামে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করে পৌরসভা কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, ৩০ কেজির বস্তায় অনেক ক্ষেত্রে ২৫ থেকে ২৮ কেজি চাল রয়েছে। প্রায় প্রতিটি বস্তাতেই ২ থেকে ৫ কেজি পর্যন্ত কম পাওয়া গেছে বলে অভিযোগ করেন উপকারভোগীরা।
এদিকে সরকারি বরাদ্দ অনুযায়ী ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেককে ৮ থেকে ৯ কেজি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এতে উপকারভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নির্ধারিত ওজন মাপার যন্ত্র ব্যবহার না করে বালতি দিয়ে অনুমাননির্ভরভাবে চাল বিতরণ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপকারভোগী বলেন, “আমাদের ২ কেজি করে কম দেওয়া হচ্ছে। গরিবের চাল খেয়ে কি হেরা বড়লোক হইতে পারবো?”
আরেক নারী বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, তারপরও কম চাল দিচ্ছে।” পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মচারী বলেন, প্রতি বস্তাতেই ৫ কেজি করে চাল কম এসেছে। তাই সমন্বয় করে কম দিতে হচ্ছে। দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা মানিক মিয়া বলেন, “প্রতিটি বস্তায়ই কম আছে। আমার কিছু করার নেই। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।”
বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল হাসান ভূইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমি দেখছি। খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।” ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। ইউএনওকে বলছি।”
