৪২ বছরের ভোগান্তি, এবার পাকা সড়কের দাবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ বাগ্যা এলাকায় সুইজগেট বাজার থেকে মুজিবনগর বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক ৪২ বছরেও পাকাকরণ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন প্রায় ২০ হাজার মানুষ। সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (৭ জুন) দুপুরে দক্ষিণ বাগ্যা গ্রামের সুইজগেট বাজার-মুজিবনগর বেড়িবাঁধ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সহস্রাধিক গ্রামবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মো. হেলাল উদ্দিন মাঝি, মো. খোকন মাঝি, বাদশা আলম, বিবি ফাতেমা ও ফারজানা আক্তারসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, ১৯৮২ সালে নির্মিত সড়কটি আজও কাঁচা রয়ে গেছে। আশপাশের অধিকাংশ সড়ক পাকাকরণ হলেও গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত।
তাঁরা জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়ক কাদায় ডুবে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আবার শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে কৃষকরা উৎপাদিত ফসল সময়মতো বাজারজাত করতে পারেন না। শিক্ষার্থীদেরও প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। জরুরি রোগী পরিবহন ও অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতেও দ্রুত সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, সড়কটির জন্য নতুন আইডি খোলা হয়েছে এবং বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
