এলাকাবাসীর তাগিদে রেললাইন দ্রুত মেরামত, বড় বিপদ থেকে রক্ষা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২২, ১২:৪১ এএম
বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্রুত ভাঙা রেললাইন মেরামতের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে হঠাৎ করে দুটি রেললাইনের কিছু অংশ ভেঙে গফরগাঁও ও মশাখালী স্টেশনে দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী ওই দুটি রেললাইন মেরামতের তাগিদ অনুভব করে। তৎক্ষণাৎ বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হলে গফরগাঁও স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার আশরাফ উদ্দিন চৌধুরী পিডাব্লিউর সঙ্গে যোগাযোগ করে লোক পাঠিয়ে দেন।
রাত সাড়ে নয়টার দিকে ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।বৃহস্পতিবার (২ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ রেলপথের হাতীখলা বাজারে এ ঘটনা ঘটে। অনেকে আবার একে নাশকতার অংশ বলেও ধারণা করতে শুরু করেন।
গফরগাঁও স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার আশরাফ উদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, এটা নাশকতা নয়। রেললাইন অতিরিক্ত গরম হয়ে পড়লে অনেক সময় এমন হতে পারে। তবে স্থানীয় লোকজন দ্রুত না জানালে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
