নীলফামারী- ২ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বীতা করে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সুত্র বলছে, বেসরকারি ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোটের এক অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
নীলফামারী- ২ সহকারি রিটার্নিং অফিসার দপ্তর সূত্রে জানা যায়, এ আসনে ১৩৪ টি ভোট কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২,৮৩,৮৪৫ টি। বাতিলকৃত ভোট ৪,৪৩৫ টি এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৮৮,২৮০ টি। গণ প্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এ আসনে জামনত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৫ হাজার ৫৩৫ ভোট।
ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল ফারুক আঃ লতিফ ১,৪৫,২০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়লাভ করেছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১,৩৪,৫৭৯ ভোট। তাঁরা উভয়েই প্রয়োজনীয় ভোট সংখ্যা অর্জন করায় তাঁদের জামানত বহাল রয়েছে।
অন্যদিকে নির্ধারিত প্রাপ্ত ভোট সংখ্যা অর্জনে ব্যার্থ হাওয়ায় ফুটবল প্রতীকে মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ ২৯৩ ভোট, দেয়াল ঘড়ি প্রতীকে মোঃ সারোয়ারুল আলম ৩৪৬ ভোট, টেলিভিশন প্রতীকে মোঃ সিরাজুল ইসলাম ১৮৯ ভোট, এবং হাতপাখা প্রতীকে মো. হাসিবুল ইসলাম পেয়েছেন ৩২৩৬ ভোট।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জামানত এর বিধানটি নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা এবং কেবলমাত্র জনসমর্থন সম্পন্ন ও প্রস্তুত প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছে। প্রাপ্ত ভোট প্রয়োজনীয় সীমার অনেক নিচে থাকায় এ চার প্রার্থীর জামানতের অর্থ বাজেয়াপ্ত করে সেটি সরকারি কোষাগারে জমা হবে।
