কুমিল্লায় রেস্তোরাঁর দেয়াল ধসে বৃদ্ধ নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্তোরাঁর দেয়াল ধসে মো. আবদুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। নিহত সামাদ দেবিদ্বার উপজেলার মাশিকারা এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২ মার্স) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওপর অবস্থিত বাজারটিকে মূলত চান্দিনার বাগুর বাজার বলা হয়।
তবে বাজারের দক্ষিণাংশ চান্দিনা ও উত্তরাংশ দেবিদ্বার উপজেলায় পড়েছে। ধসে পড়া সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটির অবস্থান দেবিদ্বার অংশে। প্রতিষ্ঠানটির দেয়ালটি ছিল ইটের গাঁথুনির। তবে এতে কোনো রড ব্যবহার করা হয়নি।
সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ বিকট শব্দে দেয়ালটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই আবদুস সামাদের মৃত্যু হয়। তিনি ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। ওই রেস্তোরাঁর মালিক মিজানুর রহমান তার জামাতা।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আমরা খবর পাওয়ার আগেই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। এটি টিনশেড বিল্ডিং ছিল। ভবন নির্মাণে কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হননি।
