‘প্রভাবশালী’ মামার নাম ভাঙিয়ে সাংবাদিকের ওপর ঠিকাদারের হামলা
সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জের দৌলতপুরে নির্মাণাধীন একটি কালভার্টের কাজের অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে মাই টিভির স্থানীয় প্রতিনিধি মো. ওবায়দুর রহমানকে মারধর করে নগদ টাকা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৬ মে) বিকেলে দৌলতপুরের কলিয়া ইউনিয়নের উলাইল বাজার এলাকায় নির্মাণাধীন একটি কালভার্ট সেতু নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছে- এমন তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকর্মী ওবায়দুর রহমান সেখানে গিয়ে ব্রিজের একটি অংশ ভেঙে পড়ার দৃশ্য দেখতে পেয়ে ভিডিও ফুটেজ ধারণ করেন। এসময় ঠিকাদার সোহেল তার প্রভাবশালী এক মামার নাম ভাঙিয়ে সাংবাদিককে হুমকি দিতে থাকেন।
থানায় দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভিডিও ধারণের পর ওবায়দুর রহমান সংশ্লিষ্ট দায়িত্বশীল এক ব্যক্তির সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। পরে মোটরসাইকেলে করে ফেরার সময় ঠিকাদার মো. সোহেলসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে কাঠের বাটাম, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তারা তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করেন। ওই সময় হামলাকারীরা ওবায়দুর রহমানের সাথে থাকা কোরবানির গরু কেনার নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং একটি ক্যানন ব্র্যান্ডের ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ সময় তাকে হত্যার হুমকিও দেন তারা। পরে আহত সাংবাদিককে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঠিকাদার সোহেলকে একাধিকবার তার মোবাইল নম্বরে ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে মারধরের বিষয়টি তারা স্বীকার করেছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার সাংবাদিকদের জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
