চট্টগ্রামে পুলিশের এস ড্রাইভ অভিযান, গ্রেপ্তার ২৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়া সংক্রান্ত অপরাধ দমন করতে নগরের সব থানা এলাকায় ‘এস ড্রাইভ’ অভিযানে মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, এই অভিযানে মাদক মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগে ২০ জন, চাঁদাবাজির অভিযোগে ৩ জন এবং জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবার মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ ৪ হাজার পিস এবং বন্দর ও পশ্চিম বিভাগ আরও ৪ হাজার পিস ইয়াবা জব্দ করে।
থানাভিত্তিক তথ্য অনুযায়ী, আকবরশাহ থানা এলাকায় সর্বোচ্চ ১১ জন এবং পাহাড়তলি থানা এলাকায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকলিয়া, খুলশী ও বায়েজিদ থানা এলাকাতেও একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
সিএমপি সূত্র জানায়, নগরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান চলমান।
