সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারীর
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মস্থলে যাওয়ার পথে সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে মদনপুর-আড়াইহাজার সড়কে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার পৌরসভায় দায়িত্ব পালনের পাশাপাশি এর আগে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
