‘উসকানিমূলক’ পোস্ট, পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:২০ পিএম
ফাইল ছবি
সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্টের অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামে মামলা করেছেন আইনজীবী জয়দীপ সেন। ‘রগড়ানি দিবস’ মন্তব্যকে কেন্দ্র করে এই দুই তারকার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শনিবার গড়িয়াহাট থানায় হাজিরা দিয়েছেন স্বস্তিকা।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন জানিয়েছে, থানায় প্রায় এক ঘণ্টা ধরে স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত বৃহস্পতিবার গড়িয়াহাট থানায় ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩এ ধারায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেই আইনজীবী। এর মধ্যে ১৫৩এ ধারা জামিন অযোগ্য। ঘটনাটি ২০২১ সালের হওয়ায় ভারতীয় ন্যায়সংহিতার পরিবর্তে ভারতীয় দণ্ডবিধিতেই মামলা দায়ের করা হয়েছে।
মূল বিতর্কের সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। সেদিন সন্ধ্যায়, যখন তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত, তখন পরমব্রত তার টুইটার হ্যান্ডেলে (বর্তমানে এক্স) একটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ সেই পোস্টে সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।
২০২৬ সালে বিজেপির জয়ের পর পুরোনো সেই পোস্ট ও স্বস্তিকার মন্তব্যের স্ক্রিনশট আবারও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিও সেটি শেয়ার করেছিলেন। পরে ওই পোস্টের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়।
এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমব্রত দাবি করেন, তার ওই মন্তব্যটি ছিল বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি মন্তব্যের প্রেক্ষিতে করা।
২০২১ সালের নির্বাচনের আগে টালিউডের কয়েকজন শিল্পী রাজনৈতিক ব্যঙ্গধর্মী গান তৈরি করেছিলেন।
সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘শিল্পীদের বলছি আপনারা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব।’
পরমব্রতের দাবি, ওই মন্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি ‘রগড়ানি দিবস’ পোস্টটি করেছিলেন। তবে বিষয়টি ঘিরে এখন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
