ইরান বিষয়ে সংসদে ড. শফিকের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি- সংগৃহীত
ইরান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হলেও, ইসরায়ের-মার্কিন জোটের বিরুদ্ধে যুদ্ধে বিপর্যস্ত দেশটি বাংলাদেশকে তেমনভাবে পাশে পায়নি মর্মে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১ মে) বিরোধী দলীয় নেতার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই ব্যাখ্যা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে বলেছেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্র কেন বলে, ‘চরম দুঃখের সময়ে বাংলাদেশকে পাশে পাইনি- কেন এমন হলো?’
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘এ বিষয়ে বাস্তবতা হলো যে, চলমান উপসাগরীয় যুদ্ধে ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের নীতি প্রশংসিত হয়েছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে অবস্থিত ইরানের দূতাবাস সম্প্রতি একটি বিবৃতিতে বাংলাদেশের ভারসাম্যমূলক ও গঠনমূলকনীতির প্রশংসা করেছে। একই বিবৃতিতে ইরানের দূতাবাস মিডিয়ায় দেওয়া বক্তব্যের টুকরা অংশকে ইচ্ছামতো প্রচারে অসন্তোষ প্রকাশ করেছে।’
লিখিত ব্যাখ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ‘এছাড়া, বিগত ২৩ এপ্রিল ঢাকায় ইরানি দূতাবাসে ইরানের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।’
