মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধ বন্ধে কূটনীতিতেই ভরসা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছেন। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৩০ মার্চ) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন রুবিও।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ নিয়ে বার্তা আদান-প্রদান ও আলোচনা চলছে, আর এসব আলোচনা মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনীতির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোকেই প্রাধান্য দেন।
আরো পড়ুন: ‘এটি আমাদের যুদ্ধ নয়’
আল-জাজিরার জ্যোষ্ঠ সাংবাদিক হাশেম আহেলবাররার সঙ্গে সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানি শাসগোষ্ঠী কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তাদের অবশ্যই সন্ত্রাসবাদে অর্থায়ন এবং প্রতিবেশীদের জন্য হুমকি হতে পারে এমন অস্ত্র তৈরি বন্ধ করতে হবে।
রুবিও বলেন, ইরানিদের ছোড়া স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর একটিই উদ্দেশ্য- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে হামলা চালানো।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে কোনো আলোচনা করেনি
তিনি আরও বলেন, ইরানি শাসকগোষ্ঠী বিশ্বকে হুমকি দিতে এবং ব্ল্যাকমেইল করতে পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়, কিন্তু আমরা কখনোই তা হতে দেব না, কেননা এর ঝুঁকি অনেক বেশি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে এখন তাদের পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র রাখার যেকোনো উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ইরানকে সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিও বন্ধ করতে হবে।
