ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধান বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ এএম
ফাইল ছবি
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) মার্কিন সেনাপ্রধান (চিফ অফ স্টাফ) জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৪১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। তবে চার বছর মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি থাকতেই কেন তাকে সরিয়ে দেওয়া হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দপ্তরটি।
সূত্র জানিয়েছে, কেবল জেনারেল জর্জই নন, পিট হেগসেথ একই সঙ্গে সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনি এবং আর্মি চ্যাপলেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও অব্যাহতি দিয়েছেন। ফক্স নিউজের সাবেক সঞ্চালক হেগসেথ প্রতিরক্ষা সচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই পেন্টাগনের খোলনলচে বদলে দিতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন।
পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যখন মার্কিন সামরিক প্রস্তুতি তুঙ্গে এবং এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সৈন্য সেখানে অবস্থান নিয়েছে, ঠিক এমন যুদ্ধকালীন মুহূর্তে সেনাপ্রধানকে বরখাস্ত করার ঘটনা নজিরবিহীন।
উল্লেখ্য, জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন জেনারেল ক্রিস্টোফার লানিভ। তিনি এর আগে হেগসেথের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত বছর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল সি.কিউ. ব্রাউনসহ নৌ ও বিমানবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছিল, যা পেন্টাগনের ভেতরে চরম অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
