হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি- সংগৃহীত
হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি ভারতীয় তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। এই নজিরবিহীন হামলার প্রতিবাদে এবং উদ্ভূত পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে জরুরি তলব করেছে ভারত সরকার।
ভারত সরকারের সূত্রটি জানিয়েছে, আক্রান্ত জাহাজটির নাম ‘সানমার হেরাল্ড’। ভারতীয় পতাকাবাহী এই অপরিশোধিত তেলবাহী ট্যাংকারটি যখন হরমুজ প্রণালি পার হচ্ছিল, তখন এটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে স্বস্তির বিষয় হলো, হামলায় জাহাজটির বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা সব ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। হামলার আগে ওই এলাকায় অবস্থানরত জাহাজগুলো ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তা পায়, যেখানে স্পষ্ট বলা হয়েছিল—হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজকেই বর্তমানে এই পথ অতিক্রমের অনুমতি দেওয়া হবে না।
দীর্ঘ সাত সপ্তাহ ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে গতকালই তেহরান হরমুজ প্রণালি ‘উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছিল। আজ সকালে মেরিটাইম ট্র্যাকারগুলোতেও আটটি তেলের ট্যাংকারের একটি বিশাল বহরকে এই পথ দিয়ে যেতে দেখা যায়। কিন্তু সেই স্বস্তির রেশ বেশিক্ষণ টেকেনি। আইআরজিসি আবারও প্রণালিটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং যাতায়াতের ওপর নতুন করে কিছু শর্তারোপ করে।
