তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা স্থবির হয়ে পড়া তেলের দাম বৃদ্ধির ফলে মঙ্গলবার তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টা ৫ মিনিটে (ইস্টার্ন টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৬০৫ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছ, যা গত ৬ এপ্রিলের পর সর্বনিম্ন।
এছাড়া জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৬১৯ দশমিক ১০ ডলারে লেনদেন হচ্ছে।
জুলিয়াস বেয়ারের বিশ্লেষক কার্স্টেন মেনকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতির অভাবের কারণে তেলের দাম বাড়ারই প্রতিফলন ঘটেছে আজ সোনা এবং রুপার দামে।’
মূলত, দুই মাসব্যাপী যুদ্ধ নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এর ফলে এই সংঘাতের সমাধানের আশা ম্লান হয়ে গেছে, যা জ্বালানি সরবরাহ ব্যাহত করেছে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়েছে।
রয়টার্স বলছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো বন্ধ থাকায় তেলের দাম আবারো ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে গেছে।
মেনকে আরও বলেন, যুদ্ধের প্রভাবে কঠোর মুদ্রানীতির ঝুঁকি নিয়ে স্বর্ণের বাজার বেশি উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। কারণ অপরিশোধিত তেলের উচ্চ দর মূল্যস্ফীতির চাপ বাড়ায়, ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পায়। আর সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমে যায়।
এদিকে স্বর্ণের সঙ্গে কমেছে রুপার দামসহ অনান্য মূল্যবান ধাতুরও। মঙ্গলবার ৩ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স স্পট সিলভার ৭২ দশমিক ৯৮ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়াও প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৯২৮ দশমিক ২১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৪৪২ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।
