ইউরোপকে বিভক্ত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া: ইইউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
কাজা কালাস। ছবি- সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) দুর্বল ও বিভক্ত করতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া একযোগে কাজ করছে বলে সতর্ক করেছেন জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। গতকাল রোববার (১৭ মে) এস্তোনিয়ার রাজধানী তালিনে অনুষ্ঠিত লেনার্ট মেরি কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
কাজা কালাস বলেন, ইইউ বিশ্বের যেকোনো পরাশক্তিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে এবং জোটটি একটি ঐক্যবদ্ধ ভূরাজনৈতিক শক্তি। এ কারণেই বহিরাগত শক্তিগুলো ইইউর ঐক্য ভাঙতে চায়। পরাশক্তিগুলো যে ইউরোপীয় ইউনিয়নকে পছন্দ করে না, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। তবে ইউরোপ ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী শক্তি হিসেবে টিকে থাকতে পারবে।
বর্তমানে ইউরোপের নিরাপত্তা রক্ষায় আমেরিকার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে একধরনের সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইইউ পররাষ্ট্রপ্রধানের বক্তব্যটিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কালাস তার বক্তব্যে উল্লেখ করেন, পুরো জোটের সঙ্গে দরকষাকষি করার চেয়ে ইউরোপের একক দেশগুলোর সঙ্গে আলাদাভাবে বোঝাপড়া করা বিশ্বশক্তিগুলোর জন্য অনেক সহজ। পরাশক্তিগুলোর এই আলাদা দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির চেষ্টাকে তিনি মূলত ‘ভাগ করো এবং শাসন করো’ কৌশলের অংশ হিসেবে আখ্যা দেন।
বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক অস্থিরতার কথা স্মরণ করিয়ে দিয়ে কালাস ইউরোপের সরকারগুলোকে সতর্ক করেন। তিনি বলেন, ভেতরের কোন্দল বা বিভাজন বৈশ্বিক অঙ্গনে ইইউর প্রভাবকে কমিয়ে দেবে। তাই ইউরোপীয় ঐক্য নষ্ট করতে পারে—এমন সব বাহ্যিক চাপ দৃঢ়ভাবে প্রতিহত করার জন্য জোটের সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
