প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অনাদায়ে তাকে আরো এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ জানান, বিদিশা পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।
আরো পড়ুন : পুরোনো ছবি প্রকাশ্যে এনে আলোচনায় বিদিশা
