শেরপুরে পঞ্চম শ্রেণির শিশুকে ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
শেরপুরের পৌর শহরের ঢাকলহাটি মহল্লায় পঞ্চম শ্রেণির শিশুকে (১২) ধর্ষণ এবং পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ায় গর্ভপাতের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) নির্যাতনের শিকার ওই শিশুর পরিবার বাদী হয়ে স্থানীয় যুবক কাউছার (২৪), সুন্নত আলী সন্তুসহ (৬০) আরও কয়েকজনের নামে সদর থানায় মামলা করেন।
ভুক্তভোগী পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, শিশুটিকে বিভিন্ন সময় স্থানীয় শাহিন মিয়ার ছেলে কাউছার মিয়া ফুসলিয়ে ধর্ষণ করেন। একাধিকবার এমন ঘটনা ঘটে। পরে একপর্যায়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটি। পরে ভুক্তভোগীর শারীরিক গঠনে পরিবর্তন হলে কাউসার মিয়া অন্যান্য আসামিদের সহযোগিতায় গর্ভপাত করান। এসময় শিশুটির ব্যাপক রক্তক্ষরণ হলে অসুস্থ হয়ে পড়ে। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চাপ প্রয়োগ করে। পরে ২২ মে শিশুটির মা আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। আবার গর্ভপাত করানো হয়ে, এতে মেয়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখন আমার মেয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তাহেরাতুল আশরাফী বলেন, ১২ বছরের একজন কন্যা শিশু স্ত্রী রোগ সংক্রান্ত জটিলতায় গাইনি বিভাগে ভর্তি রয়েছে। শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং চিকিৎসা চলমান রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, শেরপুর পৌর শহরের একটি মহল্লায় শিশুকে ধর্ষণ, গর্ভপাতের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
