মানসিক হাসপাতালের পরিবেশ দেখে যে ক্ষোভ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম
জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত
জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রোববার (৮ মার্চ) সকালে হঠাৎ করে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময়, হাসপাতালের নানা অনিয়ম তার চোখে পড়ে।
তারা দেখলেন, হাসপাতালের বিছানায় ছারপোকা, নিম্ন মানের খাবার পরিবেশন, সময় মতো আসেননি ডাক্তাররা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।
প্রায় ঘণ্টা দেড়েক ঘুরে দেখেন পুরো হাসপাতাল। কথা বলেন রোগীসহ সংশ্লিষ্টদের সঙ্গে। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রোগীর স্বজনরা।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কতজন ডাক্তার অনুপস্থিত তা এখন পর্যন্ত জানতে পারলাম না। আমি নিজে এসেও তা জানত পারছি না। হাসপাতালের পরিচালকের অদক্ষতা এসব অব্যবস্থাপনার জন্য দায়ী।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতালের বিছানাপত্র নিয়ে সমস্যা পাওয়া গেছে। সেখানে ছারপোকার সমস্যা মারাত্মক। খাবারের মান নিয়ে অভিযোগ পেয়েছি। ডাক্তার সময় মতো আসছেন না।
এই হাসপাতালের সবচেয়ে নেতৃত্বের সংকট বড় সমস্যা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বড় সমস্যা হলো দেশের সর্বোচ্চ মানসিক হাসপাতাল হওয়ার পরও লিডারশিপ সংকট আছে এখানে। অব্যবস্থাপনা আছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য বলেছি।
বেশিরভাগ অভিযোগ মেনে নিয়ে দোষ স্বীকার করলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান।
কয়েক দিনের মধ্যে আবারও হাসপাতালটি পরিদর্শনের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তখন কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
