বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে অনেক সময় ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা রাখা শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এখন বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সহায়তা হিসেবে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ ও নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কোরিয়া, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এ জন্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্ধারিত প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে শ্রমবাজারের সম্ভাবনা ও সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের শ্রমবাজারের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও ভবিষ্যতে অবকাঠামো পুনর্গঠনের কাজে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। ফলে শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, বরং চাহিদা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আরো পড়ুন : জ্বালানি মজুত কতদিন চলবে, জানালো সরকার
তিনি বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করছেন। অনেক বাংলাদেশি শুধু ভাষাজ্ঞানের অভাবে কম বেতনের কাজ করতে বাধ্য হন। ভাষা দক্ষতা বাড়াতে পারলে তারা আরো ভালো আয় করতে পারবেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, জাপানে এক লাখ কর্মী পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছে। এটি দ্রুত বাস্তবায়ন এবং জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশিদের ভারত যেতে হয়—এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোকে বাংলাদেশে কনস্যুলার সেবা চালুর জন্য অনুরোধ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে কিছু দেশ এ ধরনের সেবা দিচ্ছে, আর বাকি দেশগুলোতেও তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
