নাগরিক সমস্যা শুনতে টাউন হল সভা করেছেন ববি হাজ্জাজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে প্রথমবারের মতো টাউন হল সভা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। নাগরিক সমস্যার সরাসরি সমাধান ও সেবা কার্যক্রম তদারকির লক্ষ্যে এ উন্মুক্ত সভার আয়োজন করা হয়।
শনিবার (১১ এপ্রিল ) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অংশ নিয়ে এলাকার নানা সমস্যা তুলে ধরেন।
একই সময় সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসি, ডিএমপি, তিতাস গ্যাস, ওয়াসা, ফায়ার সার্ভিস এবং ডিপিডিসির প্রতিনিধিরা। প্রতিমন্ত্রী তাদের দ্রুত সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় ববি হাজ্জাজ বলেন, সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সঙ্গে সরাসরি সংলাপের অংশ হিসেবে নিয়মিত টাউন হল সভা চালু রাখা হবে। তিনি জানান, প্রতি মাসেই এ ধরনের সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়।
সভায় উপস্থিত এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানান এবং সেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে নাগরিক সমস্যা দ্রুত সমাধানের জন্য এ ধরনের উন্মুক্ত টাউন হল সভাকে কার্যকর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে আরো বিস্তৃত আকারে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
