‘পুলিশ বাহিনী সরকারের আয়না’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০১:২৩ পিএম
ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন।’
সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।
এসময় পুলিশ বাহিনীকে ‘সরকারের আয়না’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, সরকার পুলিশ বাহিনীকে সত্যিকারভাবে জনবান্ধব বাহিনী হিসেবে রূপ দিতে চায়।
তারেক রহমান বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া শুধু স্লোগান নয়, এটি বাস্তবায়নের আকাঙ্ক্ষা সরকারের।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন সরকারপ্রধান।
