রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পেয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (২৩ মে) দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুন ডিএনএ রিপোর্ট সংগ্রহ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর থেকে ভিসেরা ও ময়নাতদন্ত রিপোর্টও গ্রহণ করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রিপোর্টগুলো হাতে পাওয়ার পর অভিযোগপত্র (চার্জশিট) তৈরির কাজ চলছে। আগামীকাল রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
এদিকে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে কোনো আইনজীবী আইনি লড়াই করবেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শিশুটির প্রতি মানবিক দায়বদ্ধতা ও ঘটনার ভয়াবহতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। পরে তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে সোহেল ও স্বপ্না কারাগারে রয়েছেন।
