×

জাতীয়

শুভ জন্মদিন বব ডিলান, বাংলাদেশ কৃতজ্ঞ তোমার কাছে

Icon

ফেরদৌস আরেফীন

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৫৯ এএম

শুভ জন্মদিন বব ডিলান, বাংলাদেশ কৃতজ্ঞ তোমার কাছে

ছবি: কনসার্ট ফর বাংলাদেশে গান গাইছেন বব ডিলান

১৯৭১ সালের ১ আগস্ট, বাংলাদেশের মাটিতে তখন চলছে স্বাধীনতার রক্তক্ষয়ী যুদ্ধ। পাকিস্তানি সেনাবাহিনীর নির্বিচার গণহত্যার মুখে প্রায় এক কোটি মানুষ প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। শরণার্থী শিবিরগুলোতে খাদ্য ও ওষুধের চরম সংকট, মহামারীর ভয়াবহতা। ঠিক সেই সময়, বিশ্বের অপর প্রান্তে, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বেজে উঠেছিল মানবতার সুর ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এই কনসার্ট যেমন ছিল বিশ্বের প্রথম বৃহৎ বেনিফিট কনসার্ট, তেমনি এর অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন মার্কিন সংগীতের কিংবদন্তি ও ভবিষ্যতের নোবেল বিজয়ী বব ডিলান।

১৯৭১ সালের বসন্তে পূর্ব পাকিস্তানে সেনা অভিযান শুরুর পর লাখ লাখ নিরীহ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই মানবিক বিপর্যয়ের খবর গভীরভাবে ব্যথিত করেছিল বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করকে, যাঁর পারিবারিক শিকড় ছিল বাংলায়। তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও দ্য বিটলসের সাবেক লিড গিটারিস্ট জর্জ হ্যারিসনের কাছে ছুটে যান এবং আবেগাপ্লুত হয়ে বলেন, ‘...এই হলো অবস্থা, আমি জানি এটা তোমার দুর্ভাবনার বিষয় না... কিন্তু আমি যখন জর্জের সঙ্গে কথা বললাম, তিনি বেশ আবেগতাড়িত হয়ে ওঠেন... আর আমাকে বলেন, হ্যাঁ, আমার মনে হয় আমি হয়তো কিছু একটা করতে পারবো।’

হ্যারিসনের এই ‘কিছু একটা’ করার ইচ্ছাই মূর্ত হয়ে ওঠে 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর মাধ্যমে। এই আয়োজন ছিল একইসঙ্গে তহবিল সংগ্রহ এবং পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাস্তবতা ও শরণার্থীদের দুর্দশা তুলে ধরার এক যুগান্তকারী প্রয়াস। আশ্চর্যজনকভাবে, পুরো কনসার্টটি মাত্র কয়েক সপ্তাহের প্রস্তুতিতে আয়োজন করা হয়েছিল।

১৯৭১ সালের ১ আগস্ট রবিবার, নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিকাল আড়াইটা ও রাত আটটায় দুটি শো অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজিত এই কনসার্টে রক ও ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটে। শিল্পী তালিকাটি ছিল যেন এক স্বপ্নের সমাহার- জর্জ হ্যারিসন (প্রাক্তন বিটলস), বব ডিলান (মার্কিন ফোক ও রক কিংবদন্তি), রবি শঙ্কর (ভারতীয় সেতারবাদক), আলী আকবর খান (সরোদবাদক) ও ওস্তাদ আল্লা রাখা (তবলা বাদক), এরিক ক্ল্যাপটন (রক গিটারিস্ট), রিঙ্গো স্টার (প্রাক্তন বিটলস), বিলি প্রেস্টন ও লিওন রাসেল, ব্যাডফিঙ্গার ব্যান্ড

সংগীতানুষ্ঠানের ইতিহাসে বব ডিলানের এই অংশগ্রহণকে একটি বিশেষ অর্জন হিসেবে গণ্য করা হয়। ১৯৬০-এর দশকের শেষের দিক থেকে ডিলান অনেকটাই আত্মগোপনে চলে গিয়েছিলেন এবং ১৯৬৯ সালের আইল অফ উইট ফেস্টিভ্যালের পর আর কোনো বড় মঞ্চে গান গাওয়া থেকে বিরত ছিলেন। এমন এক শিল্পীকে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ -এই গাইতে রাজি করানো, যিনি নিজেই তখন জনজীবন থেকে দূরে সরে গিয়েছিলেন, জর্জ হ্যারিসনের জন্য ছিল এক বিরাট সাফল্য।

ডিলানের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা ছিল প্রবল। এমনকি কনসার্ট শুরুর আগ পর্যন্তও নিশ্চিত করা যায়নি তিনি আদৌ মঞ্চে উঠবেন কিনা। কিন্তু শেষ পর্যন্ত তিনি শুধু মঞ্চেই আসেননি, বরং অনুষ্ঠানের ‘মুকুটে উজ্জ্বল রত্ন’ (crowning glory) হয়ে ওঠেন। দীর্ঘ পাঁচ বছর পর এটি ছিল ডিলানের প্রথম বড় কোনো পাবলিক পারফরম্যান্স।

দুপুর এবং সন্ধ্যার দুই শো-তেই ডিলান তাঁর এককের পাশাপাশি জর্জ হ্যারিসনের সঙ্গে দ্বৈতকণ্ঠেও গান করেন। তিনি মঞ্চে সাদামাটা বেশভূষায় হাজির হয়েছিলেন, হাতে অ্যাকুইস্টিক গিটার, মুখে হারমোনিকা।

বাংলাদেশের শরণার্থীদের জন্য আয়োজিত দুই শো-তে বব ডিলান ৫টি গান পরিবেশন করেছিলেন- A Hard Rain's A Gonna Fall, Blowin’ in the Wind, It Takes a Lot to Laugh, It Takes a Train to Cry, Love Minus Zero/No Limit, Just Like a Woman.

এর বাইরে, জর্জ হ্যারিসনের সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছিলেন If Not for You গানটি। হ্যারিসনের 'অল থিংস মাস্ট পাস' অ্যালবামের এই গানটি মূলত ডিলানেরই লেখা, যা দুই বন্ধুর রসায়নকে মঞ্চে ফুটিয়ে তোলে।

কনসার্ট শেষে এর উত্তরাধিকার ছড়িয়ে পড়ে আরও বহুদূর। কনসার্টের সমস্ত গান নিয়ে অ্যাপল রেকর্ডস থেকে ১৯৭১ সালের ২০ ডিসেম্বর (যুক্তরাষ্ট্র) ও ১৯৭২ সালের ১০ জানুয়ারি (যুক্তরাজ্য) একটি ট্রিপল লাইভ অ্যালবাম প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ (মূল বানানে ‘দ্য কনসার্ট ফর বাংলা দেশ’)। অ্যালবামটি অসম্ভব বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও বিপুল প্রশংসা কুড়োয়। ১৯৭২ সালের ২৩ মার্চ অ্যাপল ফিল্মস কনসার্টের একটি পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্রও মুক্তি দেয়।

এই অ্যালবামের সবচেয়ে বড় অর্জন ছিল ১৯৭৩ সালের মার্চে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক গ্র্যামি পুরস্কারে 'বর্ষসেরা অ্যালবাম' (Album of the Year)-এর মর্যাদাপূর্ণ পুরস্কার জয়।

প্রাথমিকভাবে টিকিট বিক্রিসহ অন্যান্য খাত থেকে কনসার্টটি প্রায় ২,৫০,০০০ মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছিল, যা ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের ত্রাণ কাজে ব্যয় করা হয়। পরবর্তীতে অ্যালবাম ও চলচ্চিত্র বিক্রির অর্থও এতে যুক্ত হওয়ায় অনুদানের পরিমাণ আরও বহুগুণ বৃদ্ধি পায়।

তবে এই কনসার্টের গুরুত্ব শুধু অর্থের অঙ্কে মাপা যায় না। এটি ছিল ভবিষ্যতের সব বড় মানবিক বেনিফিট কনসার্টের অগ্রদূত। ১৯৮৫ সালের ‘লাইভ এইড’, ২০০৫ সালের 'লাইভ এইট' সহ পরবর্তীকালে যত বেনিফিট কনসার্ট হয়েছে, প্রতিটি কোনো না কোনোভাবে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ -এর কাছে ঋণী। শুধু তাই নয়, এই কনসার্টের মাধ্যমেই প্রথমবারের মতো পপ-রক সংগীতকে কোনো রাজনৈতিক ও মানবিক সংকট সমাধানের গুরুতর প্রচেষ্টার বাহন হিসেবে দেখা হয়, যা ছিল এক বৈপ্লবিক ধারণা।

‘কনসার্ট ফর বাংলাদেশ’ বব ডিলানের সঙ্গে বাংলাদেশের এক বিশেষ সম্পর্ক তৈরি করে দিয়েছে। ২০১৬ সালে যখন বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পান, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের কাছে উদ্যাপনটি ছিল ভিন্নমাত্রার। ২০২৪ সালের আগস্টে, কনসার্টের ৫৩তম বার্ষিকীর প্রাক্কালে, ৮৩ বছর বয়সী বব ডিলান তাঁর সামাজিক মাধ্যমে কনসার্টটির একটি স্মৃতিচারণামূলক ভিডিও ক্লিপ পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং প্রমাণ করে—মানবতার পক্ষে দাঁড়ানো এই সংগীতানুষ্ঠানের আবেদন আজও এতটুকু ম্লান হয়নি।

বাংলাদেশও ঋণ স্বীকার করেছে। ২০১২ সালে জর্জ হ্যারিসনকে (মরণোত্তর) এবং রবি শঙ্করকে ‘মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক মাত্রা তৈরিতে ঐতিহাসিক অবদানের’ জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়। একাত্তরের সেই রক্তাক্ত দিনে, বিশ্ব যখন নীরব, ঠিক তখন বব ডিলানের গিটার আর হারমোনিকা এক যুদ্ধবিধ্বস্ত জাতির পাশে এসে দাঁড়িয়েছিলো, এই ইতিহাস কোনো বাংলাদেশি কখনো ভুলবে না। শুভ জন্মদিন বাংলাদেশের বন্ধু বব ডিলান।

লেখক: সাংবাদিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের আজীবন সদস্য

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App