×

জাতীয়

ভ্রাতৃত্বের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে তুরস্কের প্রতি আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫৭ পিএম

ভ্রাতৃত্বের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে তুরস্কের প্রতি আহ্বান

ছবি : সংগৃহীত

দুই দেশের পতাকা যেন একসঙ্গে ওড়ে -এমনই এক ভ্রাতৃত্বের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তুরস্ককে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে বিনিয়োগ করতে এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য তুরষ্কের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকটি ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমান ও বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে।

সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম দ্বিপক্ষীয় সফর ছিল তুরস্কে। সে সময় আমাদের চমৎকার বৈঠক হয়েছিল। আজকের এই সফরকে আমরা গভীরভাবে স্বাগত জানাই। দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা, সমন্বয় ও বোঝাপড়াকে আরও গভীর ও বিস্তৃত করবে।’

কৃতজ্ঞতার স্বীকৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় অমূল্য সমর্থনের জন্য আমি তুরস্ক সরকার এবং বিশেষ করে আপনাকে (হাকান ফিদান) আন্তরিক কৃতজ্ঞতা জানাই। গতকাল নির্বাচনের পরই ফিরেছি, আর আজ আপনাকে বাংলাদেশে অভ্যর্থনা জানানোর সৌভাগ্য হয়েছে। ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে পাওয়া সমর্থন, উৎসাহ ও সহায়তা কখনো ভুলব না।’

তিনি আরও বলেন, ‘উভয় দেশের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, যৌথ সমৃদ্ধি ও টেকসই উন্নয়নে তুরস্কের মতো বন্ধুদের সঙ্গে সহযোগিতা করে যাবে বাংলাদেশ। হাকান ফিদান ভাইয়ের এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। এটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার ক্ষেত্রে দুই দেশের যৌথ অঙ্গীকারের প্রতীক।’

অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তুরস্কের সঙ্গে একটি ‘মুক্ত বাণিজ্যচুক্তি’ স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে একটি ‘অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি’ করার বিষয়েও মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। আমরা এটি ১.৩ থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই। দ্রুত বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরে ড. খলিলুর রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা রয়েছে। তিনি সম্ভাব্য তুর্কি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আমন্ত্রণ জানান। সবশেষে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে প্রস্তাব দিয়েছি। শিল্প অংশীদারিত্বে বিনিয়োগ ও বাণিজ্যে সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছি।’

রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান খলিলুর রহমান।

উল্লেখ্য, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সফরে বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় পৌঁছান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

বাস উল্টে শিশু-নারীসহ আহত ৮ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

অটোরিকশায় পিকআপের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

অটোরিকশায় পিকআপের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

আমেরিকা যেতে চাইলে সোশ্যাল প্রোফাইল উন্মুক্ত থাকা চাই

আমেরিকা যেতে চাইলে সোশ্যাল প্রোফাইল উন্মুক্ত থাকা চাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App