×

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় ১২ দফা সুপারিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় ১২ দফা সুপারিশ

ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি তেলের কৌশলগত মজুত সম্প্রসারণ করে কমপক্ষে তিন মাসের সক্ষমতা বৃদ্ধি, আমদানির উৎস বহুমুখীকরণ এবং সরবরাহ ব্যবস্থায় অটোমেশন চালুসহ ১২ দফা সুপারিশ করেছে জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত সংসদের বিশেষ সংসদীয় কমিটি।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের প্রথম দিনেই সংসদে এই প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

গত ২৬ এপ্রিল প্রথম অধিবেশনে সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে ১০ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ৩ মে ও ১৯ মে কমিটির দুটি বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি এবং পেট্রোবাংলার শীর্ষ কর্মকর্তারা সহায়তা দেন।

কমিটির ১২ দফা সুপারিশ:

১. জ্বালানি তেলের কৌশলগত মজুত সম্প্রসারণ করে কমপক্ষে তিন মাসের সক্ষমতা বৃদ্ধি করা।

২. আমদানির উৎস বহুমুখীকরণ নিশ্চিত করা।

৩. জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু করা।

৪. অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা জোরদার করা।

৫. বিকল্প জ্বালানির (এলএনজি, নবায়নযোগ্য জ্বালানি) ব্যবহার বৃদ্ধি করা।

৬. ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন ও এসপিএম প্রকল্প এবং ইআরএল-২ দ্রুত বাস্তবায়ন করা।

৭. জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা।

৮. বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানির বিষয়ে প্রয়োজনীয় সমীক্ষা করা।

৯. ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা এবং সেগুলোর কার্যকারিতা তদারকি বাড়ানো।

১০. সিস্টেম লস কমানোর জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করা।

১১. তেল, গ্যাস, কয়লা, সোলার ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা।

১২. বিশেষ কমিটির কার্যপরিধির আলোকে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া সুপারিশগুলো রিপোর্টে অন্তর্ভুক্ত করা।

বিরোধী দলের ১০ সুপারিশ:

কমিটির প্রতিবেদনে বিরোধী দলের পক্ষ থেকেও ১০টি সুপারিশ যুক্ত করা হয়েছে:

- রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার প্রকৃত সমীক্ষা করা এবং অতিরঞ্জিত পূর্বাভাস এড়িয়ে চলা।

- বড়পুকুরিয়াসহ কয়লাভিত্তিক বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

- দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে কূপের ওয়ার্কওভার, ভোলা-জকিগঞ্জ পাইপলাইন সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগে সমুদ্রে গ্যাস অনুসন্ধান জোরদার করা।

- সিলেটের মতো দেশের অন্যান্য স্থানেও স্বচ্ছতার সঙ্গে তেল অনুসন্ধান অব্যাহত রাখা।

- ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি ও সরবরাহে আধুনিক ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা।

- ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন ১ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা এবং সোলার প্যানেল আমদানিতে সব ধরনের কর প্রত্যাহার করা।

- পার্বত্য এলাকায় মাইক্রো-হাইড্রো ও শক্তিশালী নদীপ্রবাহ ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাই করা।

- জ্বালানি সংকটকালীন সরকারি দপ্তরে গাড়ির ব্যবহার কমানো।

- হাইড্রোজেন ফুয়েল প্রযুক্তি, বায়োগ্যাস এবং বর্জ্য থেকে জ্বালানি বিষয়ে গবেষণা পরিচালনা করা।

প্রতিবেদনের উপসংহারে কমিটি অভিমত ব্যক্ত করে, সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কাঠামো পুনর্মূল্যায়নের একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নীতি ও সরবরাহ ব্যবস্থাকে বহুমুখী ও প্রযুক্তিনির্ভর করা সময়ের দাবি। কাঠামোগত সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং সমন্বিত জাতীয় পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে কমিটি মনে করে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে গঠিত কমিটির অন্যান্য সদস্য ছিলেন – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) এবং মোহাম্মদ আবুল হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল

ভারতে আটকে থাকা মৎস্যজীবীদের ফিরিয়ে আনলো বাংলাদেশ

ভারতে আটকে থাকা মৎস্যজীবীদের ফিরিয়ে আনলো বাংলাদেশ

ধরলার স্রোতে তলিয়ে গেল দুই কিশোর, ডুবুরি দলের বিলম্বে ক্ষোভ

ধরলার স্রোতে তলিয়ে গেল দুই কিশোর, ডুবুরি দলের বিলম্বে ক্ষোভ

ঘাটতি জনিত নয়, ঝড়-বৃষ্টির কারণে লোডশেডিং

বিদ্যুৎমন্ত্রী ঘাটতি জনিত নয়, ঝড়-বৃষ্টির কারণে লোডশেডিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App