প্রতিশ্রুতি রক্ষা না করায় জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপর দেবেন।’
এর আগে সংসদ সদস্য রুমিন ফারহানা সম্পূরক প্রশ্নে মন্ত্রীর দেওয়া একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি জানান, আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় পহেলা মে’র মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার কথা ছিল। এক মাস চার দিন পার হয়েও তা বাস্তবায়ন হয়নি। তিনি প্রশ্ন করেন, কবে নাগাদ গ্যাস সংযোগ পাওয়া যাবে।
জবাবে মন্ত্রী বলেন, দেশে গ্যাসের সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, নতুন করে গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে। ভবিষ্যতে উৎপাদন বাড়লে সার কারখানায় গ্যাস সরবরাহ সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, ‘গত ১৭ বছরে কোনো দিন ড্রিলিং করা হয়নি। আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি গ্যাস পাবো। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় সংযোগ দিতে পারবো।’
তবে স্পিকার তখন মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন যে সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তিনি ভবিষ্যতে সংসদে বক্তব্য দেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেন।
