ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:১৮ এএম
ছবি : সংগৃহীত
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। চলমান আঞ্চলিক যুদ্ধ ও অস্থিতিশীলতার মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে দূতাবাস জানায়, মৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং EL-0875891), মো. সাব্বির এবং ফেনী জেলার মেহেদী হাসান (পাসপোর্ট নং A18633961)। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন : ষষ্ঠ দিনে এসে পাল্টাপাল্টি হামলার যে সমীকরণ দাঁড়ালো
বর্তমানে ইরাক ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সংঘাত ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরটি সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সতর্কতার মধ্যে রয়েছে। দেশটির এই অঞ্চলে বিভিন্ন আন্তর্জাতিক কর্মী ও প্রবাসীরা কাজ করেন।
নিহত তিন বাংলাদেশির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ঘটনার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
