লস অ্যাঞ্জেলেসে বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম
সাকিব আলী। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি বাসার শয়নকক্ষে পাওয়া গেলো বাংলাদেশি তরুণ সাকিব আলীর মরদেহ। অভিজাত এলাকা হিসেবে পরিচিত মেরিনা ডেল রে সিটি থেকে সোমবার তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
৩০ বছর বয়সি সাকিব ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চিকিৎসক মোহাম্মদ আলী মানিকের একমাত্র ছেলে।
স্থানীয় সাংবাদিক লস্কর আল মামুন জানান, শনিবার থেকেই সাকিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এ অবস্থায় তার বাবা মানিক ও মা শাকিরা আলী সোমবার জর্জিয়ার আটলান্টা থেকে মেরিনা ডেল রে সিটিতে আসেন। সাকিবের বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে অ্যাপার্টমেন্টের সুপারভাইজারের কাছে থেকে কোড সংগ্রহ করে দরজা খোলে। এসময় শয়নকক্ষের মেঝেতে সাকিবের লাশ পড়েছিলো।
সাংবাদিক মামুন বলেন, সাকিব হৃদরোগে আক্রান্ত হয়ে দুদিন আগেই ইন্তেকাল করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তথ্যপ্রযুক্তিতে উচ্চতর ডিগ্রি অর্জন করে সাকিব আটলান্টাতেই টেলিকম কোম্পানি এটিঅ্যান্ডটি’তে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর যোগদান করেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে। পরে এ কোম্পানিতেই ফ্লোরিডা হয়ে লস অ্যাঞ্জেলেসে থিতু হয়েছিলেন তিনি।
সাকিব লস এঞ্জেলেসের বিমানবন্দর সংলগ্ন মেরিনা ডেল রে সিটিতে ভাড়া বাসায় একাকী থাকতেন। তার লাশ জর্জিয়ায় নেওয়ার আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে জানাজা হওয়ার কথা রয়েছে।
সাকিবের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির তরফে শোক প্রকাশ করা হয়েছে।
