সংস্কারহীন সড়কে চলছে ঝুঁকি নিয়ে চলাচল
পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি : ভোরের কাগজ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী–ধানগড়া আঞ্চলিক সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে উপজেলা পরিষদ, থানা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন।
প্রায় এক বছরের বেশি সময় ধরে কাজ বন্ধ থাকায় সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে ইটের খোয়া ফেলে কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। কোথাও বড় বড় গর্ত, আবার কোথাও খোয়া সরে গিয়ে রাস্তা অসমতল হয়ে গেছে। এতে যান চলাচল অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক হয়ে উঠেছে।
স্থানীয় ইজিবাইকচালক মজিদ মিয়া বলেন, এই সড়কে চলাচল করতে সব সময়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। সামান্য অসাবধান হলেই গাড়ি উল্টে যেতে পারে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে।
রিকশাচালক সুজন সরকার জানান, প্রায় প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনায় আহত হচ্ছেন। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। তখন রাস্তা পিচ্ছিল হয়ে যায়, চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে।
তেলিজানা আলিম সিনিয়র মাদ্রাসার এক শিক্ষক বলেন, এটি এলাকার প্রধান সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়গঞ্জ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, উপকরণের সংকটের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে সংস্কারকাজ আবার শুরু হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার আশা করা হচ্ছে।
এদিকে স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
