চেকপোস্ট দেখে পালানোর সময় উল্টে গেলো অটোরিকশা, সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উলিপুর-চিলমারী সড়কের উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় থেকে এসব জব্দ করা হয়েছে।
উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ তথ্য জানান।
শনিবার তিনি বলেন, রাতে উলিপুর পৌর সভার মোহাম্মদের মোড়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছিল। এসময় চিলমারীগামী একটি অটোরিকশা চেকপোস্ট দেখে উল্টো পথে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
“কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ তাড়া করে ঘটনাস্থলে পৌছানোর আগেই গাড়িটির চালক ও যাত্রীরা সুকৌশলে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, পরে দুর্ঘটনা কবলিত অটোরিকশা থেকে পলিথিনে মোড়ানো সাতটি প্যাকেটে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ হাজার টাকা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা আশরাফুল আরও বলেন, এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
