×

রংপুর

উদ্বোধনের আগেই ফাটল সোয়া দুই কোটির ভবনে, আতঙ্ক

Icon

হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম

উদ্বোধনের আগেই ফাটল সোয়া দুই কোটির ভবনে, আতঙ্ক

ছবি: সংগৃহীত

হস্তান্তরের আগেই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজলোয় প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত বেকরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফ্লাড শেল্টারের বিভিন্ন অংশে একের পর এক ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের কাজের অভিযোগ থাকলেও তা উপেক্ষা করায় এখন আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এলজিইডি অফিস থেকে জানা যায়, বেকরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফ্লাড শেল্টার নির্মাণ কাজের দায়িত্ব পান রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাহিতি এন্ড জেডএইচডি (জেবি)। কাজটি করেন সুন্দরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান পলাশ এন্টারপ্রাইজ। কাজটি শুরু করার তারিখ ছিল ২০২১ সালের ২০ ডিসেম্বর। শেষ করার কথা ছিল ২০২৩ সালের ১৯ জুন। সেই কাজ শেষ করা হয় ২০২৫ সালের ডিসেম্বরে। বিল্ডিং হস্তান্তর করা হয় এ মাসের ৮ তারিখে। কাজটির চুক্তিমূল্য ছিল ২ কোটি ১২ লাখ ৯৩ হাজার ৯৬২ টাকা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সুদৃশ্য একটি তিনতলা ভবন। ওঠানামা করার জন্য সিঁড়ি আছে দুইটি। একটি র‍্যালিং সিঁড়ি, আরেকটি স্বাভাবিক সিঁড়ি। তবে র‍্যালিং সিঁড়িটি নিচ থেকে একেবারে বিল্ডিংয়ের তৃতীয় তলায় সংযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় তলা পড়াশোনার কাজে ব্যবহৃত হচ্ছে। আর নিচতলা ব্যবহৃত হবে বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে। পুরো র‍্যালিং সিঁড়িতে অসংখ্য ফাটল দেখা গেছে। বিল্ডিংয়ের পলেস্তার এখানেই ফেটে চৌচির হয়েছে। বিশাল ফাটল দেখা গেছে পানির ট্যাংকিতেও। বিদ্যুতের লাইনগুলো বিপজ্জনক অবস্থায় দেখা গেছে। বোর্ডে সুইচের স্থানগুলো ফাঁকা রয়েছে। অসাবধানতাবশত যে কেউ হাত দিলে বিদ্যুৎ শক খেতে পারে।

এদিকে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে র‍্যালিং সিঁড়িতে থাকা কেঁচি গেটটি বন্ধ করে রাখা হয়েছে। আর এ ফাটলগুলো বিল্ডিং হস্তান্তরের আগেই দেখা দিয়েছে। বিষয়গুলো নিয়ে ঠিকাদার এবং এলজিইডি অফিসের প্রধান তপন কুমার চক্রবর্তীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তারা কোনো গুরুত্ব দেননি। এমনকি ইউএনও, টিও, এটিও মুকুল স্যারকেও অনেকবার বিদ্যালয়ে ডেকেছেন তারা। ২৪৯ শিক্ষার্থী নিয়ে আতঙ্কে পাঠদান কার্যক্রম চালাচ্ছেন বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, এটা কেবলমাত্র বিদ্যালয় নয়। বন্যার সময় এ অঞ্চলের মানুষজন এতে আশ্রয় নেবে। আশ্রয় নেবে গবাদিপশুও। বানভাসি মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এ আশ্রয়কেন্দ্রটি। কিন্তু সেটিতে যেভাবে ফাটল দেখা দিয়েছে তাতে মনে হচ্ছে সরকারের টাকাগুলো যেন বানের জলে ভেসে না যায়। তারা আরও জানান, শুরু থেকেই ঠিকাদারের লোকজন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিলেন। ইঞ্জিনিয়ার অফিসের লোকজনদের এখানে আসতে তেমন একটা দেখিনি। সে কারণে অনিয়মের কথাগুলো ঠিকাদারের লোকজনকে বলেছিলাম। উল্টো তারাই আমাদের ধমক দিয়েছেন। আমরা তো অত বুঝি না। কাজ শেষ হতে না হতেই সিঁড়িতে যে ফাটল দেখা দিয়েছে তাতে মনে হয় ভেতরে না জানি আরও কত অনিয়ম হয়েছে। সবমিলিয়ে এ বিল্ডিং নিয়ে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় আছেন এলাকার সাধারণ মানুষজন।

রামডাকুয়া গ্রামের মো. আবদুর রশিদ মিয়ার ছেলে মো. রমজান আলী (৪৫) বলেন, "এই স্কুলে আমার বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে। গতকাইল আমি আমার বাচ্চাকে স্কুলে দিতে আসি। বাচ্চা নিয়া র‍্যালিং সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় দেখি সিঁড়িগুলা ফাটা। তারপরও ভয়ে ভয়ে উপরে উঠি। এরপরে উপরে উঠে দেখি তালা দেওয়া। পরে আবার নীচে নামি। পরে অন্য সিঁড়ি দিয়ে উপরে উঠি বাচ্চা নিয়া। পরে স্যারদের বললাম সিঁড়ির মুখ বন্ধ ক্যা। তখন তারা বলেন, সিঁড়িগুলোতে ফাটল দেখা দিয়েছে। সে কারণে বন্ধ করে দেয়া হয়েছে। যাতে করে কোনো দূর্ঘটনা না ঘটে। তবে ফাটলগুলো দেখার পর থেকে আমরাও আতঙ্কে আছি বাচ্চাদের নিয়ে।"

বিদ্যালয়ের পাশেই বাড়ি মো. খলিলুর রহমানের (৬৫)। এ বিষয়ে কথা হয় তার সাথে। তিনি বলেন, "বিল্ডিংটা করার এখনো ৩ মাস হয়নাই। তাতে যে ফাটল ধরইছে। তাতে মনে হয় আরও দিন গেইলে কি যে হউবে আল্লায় সেটা ভালো জানে। তবে এই স্কুলে ছেলেমেয়েরা যতক্ষণ থাকে ততক্ষণ জিউ হামার হাতোত থাকে। না জানি কখন কোন বিপদ হয়। আরও বন্যা আইলে কি যে হইবে সেই টেনশনও মাথায় ঘুরপাক করে।"

তিনি আরও বলেন, "ওরা কাজ খারাপ করছিলো। বিধায় আমরা গ্রামের মানুষজন বলছিলাম। তা ওমরা শোনে নাই। ওমরা ওমার মতি করি কাজ করি গেইছে। হামার কথা শোনে নাই।" মো. খলিলুর রহমান জানান, "শুরুতে যখন সিঁড়ি ডাবাইছে তখন একটা সিঁড়ি কিছুদূর যাওয়ার পরে ভাংগি গেইছলো। সেটা আর ডাবায় নাই। তখন হামরা কইছনো। ওমরা কইছে নীচোত পাথর আছে সেই জন্যে আর ডাবে না।"

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফসিরা চৌধুরী বলেন, "বিল্ডিং এর কাজ শেষ হয়েছে ২০২৫ সালের ডিসেম্বরে। আর অফিসিয়ালি ভাবে বিল্ডিং হস্তান্তর করা হয়েছে এ মাসের গত ১৪ তারিখে। তবে এ বিল্ডিং এ উঠার আগ থেকেই এ ফাটলগুলো ছিলো। সে কারণে র‍্যালিং সিঁড়িটা বন্ধ রেখেছি। ছোটো বাচ্চা কখন কোন দূর্ঘটনা ঘটে। বিষয়গুলো নিয়ে আমি একাধিকবার ইন্জিনিয়ার অফিসের তপন স্যার, মিলন স্যার এবং ঠিকাদারকে বলেছি। তারা খালি বলেন আসতেছি। কিন্তু আসেন না।"

তিনি আরও বলেন, "তখন আমি সহকারী শিক্ষক ছিলাম। তারপরেও মাঝে মধ্যেই কাজ দেখতে এসেছিলাম। বলেছিলাম কাজে অনিয়ম হচ্ছে। কিন্তু কোনো গুরুত্ব দেননি তারা। পরে দেখা যায় তৎকালীন হেড স্যার আমাকেই বকা দিতেন। কোনো আমি এ বিষয়ে কথা বলি।"

এ বিষয়ে কথা হয় বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্লাহ'র সাথে। তিনি বলেন, "বিল্ডিং এর বিভিন্ন অংশে ফাটল হয়েছে বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। তবে কাজটা শুরু করার পরে কয়েকবার গিয়েছিলাম। তখন কাজে অনিয়ম দেখে এলজিইডি অফিসে কথাও বলেছিলাম। তারা ক্যানো জানি গুরুত্ব দেননি। বিল্ডিং এর কাজটি শেষ করতে অনেক সময় লাগিয়েছেন তারা। এ নিয়েও বারবার কথা বলেছি তাদের সাথে। তারা যাতায়াত ব্যবস্থা ভালো না বলেই সময় পার করেছেন।"

ঠিকাদারি প্রতিষ্ঠান পলাশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রিতমের সঙ্গে দেখা করা হলে তিনি নিউজ করতে নিষেধ করেন। কারণ নিউজ হলে তাদের রেপুটেশন নাকি খারাপ হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, "কেউ আমাকে জানায়নি। আপনার মাধ্যমে জানলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।"

এ বিষয়ে কাজেরতদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী কাজী মাহবুবুর রহমান মিলন বলেন, "এ ধরনের কাজে হেয়ার ক্রাক হয়ে থাকে অনেক সময়। কিউরিং খারাপ হলে এ ধরনের সমস্যা হয়। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। তারপরেও বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সে রকম হলে আবারও ঠিক করে দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।"

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তীর সঙ্গে। তখন তিনি ভাত খাচ্ছিলেন মোবাইলে ফোনে জানান। খাওয়ার সময় তিনি কোনো বক্তব্য দেন না সেটাও পরিষ্কার করেন। অফিসে দেখা করতে বলে ফোন কেটে দেন তিনি। পরে অফিসে গিয়ে দেখা করলে তিনি এ বিষয়ে কোনো মতামত দিতে রাজি হননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন মঞ্জুর

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন মঞ্জুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App