×

রংপুর

ঋণ না নিয়েও কিস্তির চাপ, ডিএফইডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

Icon

আবু রায়হান চৌধুরী, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:১১ পিএম

ঋণ না নিয়েও কিস্তির চাপ, ডিএফইডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ফাইল ছবি

পঞ্চগড়ে আহছানিয়া মিশনের প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (ডিএফইডি) ঋণ কার্যক্রমে জালিয়াতির অভিযোগ উঠেছে। এতে জেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নে বেশ কিছু গ্রাহক জালিয়াতির শিকার হয়েছেন। ঋণ দেওয়ার নামে মাঠ পর্যায়ের কর্মচারীরা ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে গ্রাহকদের নামে ঋণ তুলে আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় পঞ্চগড় এরিয়া কার্যালয়ের তিন কর্মচারীর নামে ডিএফইডির জোনাল ম্যানেজার দুলাল চন্দ্র লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে পঞ্চগড় সদর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, তারা হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকার বাসিন্দা। গত তিন-চার মাস আগে ডাম ফাউন্ডেশনের মাঠকর্মী মামুনুর রশিদসহ কয়েকজন খালপাড়া এলাকার নারীদের সঙ্গে বৈঠক করে ঋণ দেওয়ার কথা বলে ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। সেই সঙ্গে ঋণের বিপরীতে প্রতিজনের কাছ থেকে আট হাজার টাকা সঞ্চয় গ্রহণ করেন ডিএফইডির কর্মচারীরা। এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার থেকে এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলা হলেও দুই মাস পার হলেও তারা ঋণ পাননি। তবে এরই মধ্যে ডাম ফাউন্ডেশনের ম্যানেজার কামরুজ্জামান ও হিসাবরক্ষক মৌসুমি এসে তাদের কাছে কিস্তি দাবি করেন। কিস্তি পরিশোধ না করলে মামলার হুমকিও দেন কর্মকর্তারা। এতে কিস্তির আতঙ্কে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন ভুক্তভোগী নারী-পুরুষরা।

হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া গ্রামের ভুক্তভোগী রাসেল ইসলাম জানান, তার কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে আট হাজার টাকা সঞ্চয় গ্রহণ করা হয়েছে, কিন্তু ঋণ দেওয়া হয়নি। পরে তার কাছে কিস্তি দাবি করেন পঞ্চগড় শাখার ম্যানেজার কামরুজ্জামান। এখন তিনি অসহায় অবস্থায় রয়েছেন এবং ডাম ফাউন্ডেশনের কর্মচারীদের বিচার দাবি করেন।

জাকির হোসেন নামে জালিয়াতির শিকার আরেক ভুক্তভোগী জানান, মাঠকর্মী মামুনুর রশিদ ও আমকাঠাল এলাকার মাসুম নামে দুজন তাকে ঋণ দেওয়ার কথা বলে ছবি ও পরিচয়পত্রের ফটোকপি নেন, কিন্তু ঋণ দেননি। পরবর্তীতে ম্যানেজার কামরুজ্জামান তার কাছে কিস্তি দাবি করেন এবং কিস্তি পরিশোধ না করলে মামলার হুমকি দেন। তিনি বলেন, “আমি ঋণ গ্রহণ না করেও ঋণি হয়ে গেছি। আমি মাঠকর্মী মামুনুর রশিদ এবং ম্যানেজার কামরুজ্জামানের বিচার চাই।” একই অভিযোগ করেন ভুক্তভোগী দুলাল ও খাদেমুল ইসলাম।

সরেজমিনে পঞ্চগড়ের মিঠাপুকুর এলাকায় পঞ্চগড় সদর শাখা এরিয়া ও জোনাল অফিসে যোগাযোগ করা হলে ডাম ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম এবং জোনাল ম্যানেজার দুলাল চন্দ্র জানান, পঞ্চগড় শাখার ম্যানেজার কামরুজ্জামান, হিসাবরক্ষক মৌসুমি ও মাঠকর্মী মামুনুর রশিদের বিরুদ্ধে প্রান্তিক এরিয়া থেকে ঋণ নিয়ে গ্রাহকদের অভিযোগ আসার পর তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। হিসাবরক্ষক মৌসুমি এবং মাঠকর্মী মামুনুর রশিদ গত কয়েকদিন ধরে অফিস থেকে পলাতক রয়েছেন। এছাড়াও হেড অফিস থেকে একদল অডিটর মাঠ পর্যায়ে অডিট করছেন। ম্যানেজার কামরুজ্জামানের অধীনে সকল ঋণ গ্রাহকের খোঁজখবর নেওয়া হচ্ছে। অডিট রিপোর্ট দেওয়ার পর জানা যাবে আসলে কত টাকার ঋণ জালিয়াতি হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আহছানিয়া মিশনের ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর পঞ্চগড়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব, বাবা-মেয়ের কৃতিত্ব

জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব, বাবা-মেয়ের কৃতিত্ব

সৌখিন উদ্যোক্তা পারভেজের ‘বাইকুনুর আঙ্গুর’ চাষে সফলতা

সৌখিন উদ্যোক্তা পারভেজের ‘বাইকুনুর আঙ্গুর’ চাষে সফলতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App