×

খেলা

পাঞ্জাবের ‘ক্যাচ মিসের’ মহড়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:৪৫ পিএম

পাঞ্জাবের ‘ক্যাচ মিসের’ মহড়া

চাহালের বোলিংয়ে অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করেন পাঞ্জাবের ফিল্ডাররা। ছবি- সংগৃহীত

একের পর এক ক্যাচ উঠছে আর সেগুলো তালুবন্দী করতে ব্যর্থ হচ্ছেন পাঞ্জাব কিংসের ফিল্ডাররা। বুধবার (৬ মে) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দেখা গেল এমনই এক দৃশ্য। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩৩ রানে হেরেছে পাঞ্জাব। টুর্নামেন্টের শুরুতে টানা সাত ম্যাচ অপরাজিত থাকা দলটি এই নিয়ে টানা তিন ম্যাচে হারের মুখ দেখল। তবে হারের চেয়েও পাঞ্জাবের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া নিয়েই এখন বেশি আলোচনা চলছে।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। হাইনরিখ ক্লাসেনের ৪৩ বলে ৬৯ এবং ইশান কিশানের ৩২ বলে ৫৫ রানের সৌজন্যে নির্ধারিত ওভারে ২৩৫ রান তোলে তারা। জবাব দিতে নেমে কুপার কনোলির ৫৯ বলে অপরাজিত ১০৭ রানের অনবদ্য সেঞ্চুরি সত্ত্বেও ২০২ রানে থামে পাঞ্জাবের ইনিংস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল প্যাট কামিন্সের হায়দরাবাদ।

ম্যাচ শেষে দলের ফিল্ডিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন পাঞ্জাব কোচ রিকি পন্টিং। সম্প্রচারকারী চ্যানেলকে তিনি বলেন, ‘ক্যাচ মিস করাটা আমাদের জন্য ভাইরাসের মতো হয়ে দাঁড়িয়েছে। ছেলেরা অনুশীলনে কঠোর পরিশ্রম করলেও ম্যাচে তার প্রতিফলন নেই। সহজ ক্যাচগুলো আমাদের লুফে নিতেই হবে।’

বিশেষ করে অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহালের বলে শশাঙ্ক সিং ও লকি ফার্গুসন সহজ ক্যাচ মিস করায় বিস্মিত পন্টিং। ইনজুরি কাটিয়ে ফেরা শশাঙ্ককে নিয়ে পন্টিং জানান, গত কয়েকদিন তাকে প্রচুর ক্যাচিং প্র্যাকটিস করানো হলেও কাজের কাজ হয়নি।

চাহালের স্পেল বিশ্লেষণ করলে পাঞ্জাবের ফিল্ডিংয়ের কঙ্কালসার দশা আরও স্পষ্ট হয়। উইকেট থেকে সহায়তা না পেলেও ৪ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ১ উইকেট নেন এই স্পিনার। তবে তার বলেই অন্তত তিনটি সুযোগ নষ্ট করেন ফিল্ডাররা। জীবন ফিরে পেয়ে বিধ্বংসী হয়ে ওঠেন কিশান ও ক্লাসেন। এমনকি উইকেটের পেছনে সহজ স্টাম্পিং মিস করেন প্রভসিমরান সিংও।

পুরো ইনিংসে ১৭টি ছক্কা মেরেছেন হায়দরাবাদের ব্যাটাররা। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ঝোড়ো শুরুর পর বাকি কাজ সারেন ক্লাসেন-কিশান জুটি। এ নিয়ে হায়দরাবাদের মাটিতে টানা ৯ ম্যাচ হারল পাঞ্জাব। ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেল হায়দরাবাদ। অন্যদিকে টানা তিন হার পাঞ্জাবের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের আদেশ পেছালো

মোহাম্মদপুরে ৯ হত্যা নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের আদেশ পেছালো

সংরক্ষিত নারী আসনের শীর্ষ ১০ আয়কারী সবাই বিএনপির

সুজন সংরক্ষিত নারী আসনের শীর্ষ ১০ আয়কারী সবাই বিএনপির

দেশের ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কবার্তা জারি

দেশের ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কবার্তা জারি

সৌদি থেকে এলো জ্বালানি তেলের বড় চালান

সৌদি থেকে এলো জ্বালানি তেলের বড় চালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App