×

খেলা

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি লিটনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি লিটনের

ছবি- সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত সুইংয়ে স্লিপে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফিরে যান মাহমুদুল হাসান জয়। শুরুতেই ধাক্কা খাওয়া বাংলাদেশ এরপর জুটি গড়ার চেষ্টা করলেও চাপটা থেকে বের হতে পারেনি।

তানজিদ হাসান তামিম অভিষেক টেস্টেই কিছুটা আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিলেন। কয়েকটি দৃষ্টিনন্দন শটে রানের গতি বাড়ালেও ইনিংস বড় করতে পারেননি তিনি। আব্বাসের বলে টপ এজ হয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি ২৬ রান করে। ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ক্রিজে আসেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মুমিনুল কিছুটা থিতু হয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন। কিন্তু খুররম শেহজাদের এক নিখুঁত ডেলিভারিতে ব্যাট-প্যাড ফাঁক গলে ভেঙে যায় তার স্টাম্প। ৪১ বলে ২২ রান করে ফিরে গেলে ৬৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

লাঞ্চ বিরতিতে বাংলাদেশ পৌঁছায় ৩ উইকেটে ১০১ রানে। তবে বিরতির পরপরই আবারও ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শান্ত, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ দ্রুত বিদায় নিলে চাপ আরও বাড়ে দলের ওপর। শান্ত থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি।

আব্বাসের সুইংয়ে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিনি ২৯ রান করে। এরপর খুররম শেহজাদের ধারাবাহিক আক্রমণে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও। ৬৪ বলে ২৩ রান করে তিনি এলবিডব্লিউ হন। মিরাজ মাত্র ৪ রান করে একই বোলারের শিকার হন।

১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকেই ইনিংসের হাল ধরেন লিটন দাস। এক প্রান্ত আগলে রেখে শুরুতে তাইজুল ইসলামকে নিয়ে ধীরস্থির জুটি গড়েন তিনি। যদিও তাইজুল ৪০ বল খেলে ১৬ রানে আউট হন, তবুও তার ধীর ব্যাটিং লিটনকে স্থিরভাবে ইনিংস এগিয়ে নিতে সাহায্য করে।

এরপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন লিটন। তবে তাসকিনও বেশি সময় টিকতে পারেননি। ফলে আবারও এক প্রান্তে একা হয়ে পড়েন লিটন। তবুও দমে যাননি তিনি।

দুর্দান্ত ধৈর্য আর নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ১৩৫ বল খেলে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে এটি তার টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে খেলেছিলেন ১৩৮ রানের অনবদ্য ইনিংস।

লিটনের ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। তার দৃঢ়তায় কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৭০.২ ওভার শেষে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে দল। ১০৩ রানে অপরাজিত থাকেন লিটন দাস। তার সঙ্গে ক্রিজে ছিলেন শরিফুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ দখল উচ্ছেদ, ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

অবৈধ দখল উচ্ছেদ, ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

ব্রিজ ভেঙে খালে ট্রাক, বিচ্ছিন্ন ১০ গ্রামের যোগাযোগ

ব্রিজ ভেঙে খালে ট্রাক, বিচ্ছিন্ন ১০ গ্রামের যোগাযোগ

কুয়াকাটা সৈকতে বিরল অলিভ রিডলি কচ্ছপ উদ্ধার

কুয়াকাটা সৈকতে বিরল অলিভ রিডলি কচ্ছপ উদ্ধার

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App