পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মার্শ, অনিশ্চিত বাংলাদেশ সফরও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:৩১ পিএম
মিচেল মার্শ। ছবি- সংগৃহীত
গোড়ালির পুরনো চোট নতুন করে জেঁকে বসায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। এমনকি এরপর বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজেও তার খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড আইপিএলের প্লে-অফ নিয়ে ব্যস্ত থাকায় আগেই এই সফর থেকে ছুটি নিয়েছিলেন। এবার মার্শও ছিটকে যাওয়ায় পাকিস্তানের মাটিতে কার্যত এক ‘দ্বিতীয় সারির’ অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে হবে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিশকে।
আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা মার্শ গত শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচেও মাঠে নামতে পারেননি। এর আগে গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই তিনি অস্ট্রেলিয়ার বিমান ধরেছিলেন। আগামী ৩০ মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অজি দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। সেই লক্ষ্যে দলের বেশির ভাগ ক্রিকেটারই গত সপ্তাহান্তে রাওয়ালপিন্ডিতে পৌঁছে গেছেন। তবে চোটের কারণে শেষ পর্যন্ত পাকিস্তানের বিমান ধরা হয়নি মার্শের।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো মার্শের কোনো বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। তবে আইপিএল শেষ করে দেশে ফেরা কুপার কনোলিকে হয়তো কিছুটা আগেই পাকিস্তানে পাঠাতে পারে অজি ম্যানেজমেন্ট। পাকিস্তান মিশন শেষ করেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। মিরপুরে আগামী ৯ জুন থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে কনোলি, বার্টলেট, ডোয়ারশুইস ও ট্রাভিস হেড সবাই রয়েছেন। তবে চোটের কারণে ৯ জুনের ওয়ানডে এবং ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সফরে মার্শকে পাওয়া যাবে কি না—তা এখনো নিশ্চিত নয়।
মার্শের এই অনুপস্থিতি অস্ট্রেলিয়াকে চরম নেতৃত্বের সংকটে ফেলে দিল। কামিন্স ও হেড না থাকায় বাধ্য হয়েই জশ ইংলিশকে বেছে নিয়েছে অজিরা। এর ফলে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার চতুর্থ বিকল্প অধিনায়ক হিসেবে টস করতে নামবেন ইংলিশ। কোনো কারণে ইংলিশ খেলতে না পারলে বিকল্প হিসেবে প্রস্তুত আছেন আরেক উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি, যিনি ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
নেতৃত্বের পাশাপাশি ব্যাটিং অর্ডারের শীর্ষে মার্শের না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। আইপিএলের দ্বিতীয় ভাগে লক্ষ্ণৌয়ের হয়ে ওপেনিং বা তিন নম্বরে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। শেষ চার ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১১১, ১০, ৯০ ও ৯৬ রান। ১৬৩ দশমিক ১৮ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে আইপিএল শেষ করেছেন মার্শ।
পাকিস্তান সফরে মার্শ ছাড়াও দুই অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ককে পাচ্ছে না অস্ট্রেলিয়া। আইপিএলের প্লে-অফে ব্যস্ত থাকবেন ভেবে কুপার কনোলি, জাভিয়ের বার্টলেট ও বেন ডোয়ারশুইসকে শুরুতে পাকিস্তান সিরিজের বাইরে রাখা হয়েছিল। তবে তাদের দল পাঞ্জাব কিংস শেষ ৭ ম্যাচের ৬টিতেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সেই হিসাব এখন বদলে গেছে।
