দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে অন্য একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে সোহেল (৩০)। তিনি ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক ছিলেন এবং হেলপার ইমন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটমুখী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল 'যাতায়াত পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২)। এ সময় একই দিক থেকে আসা ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি দ্রুতগতির বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন চালক সোহেল। পরে গুরুতর আহত অবস্থায় হেলপার ইমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘দুর্ঘটনার পর হাইওয়ে ও স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
