আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: সংগৃহীত
আবুধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে আবুধাবি মিডিয়া অফিস জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ সুইহান সড়কে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষ পড়ে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হন এবং তিনজন আহত হন। এ ঘটনায় কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আনাদোলু এজেন্সি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এর বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ও সতর্কতা জারি রয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১,৩৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এর জবাবে তেহরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনাও। এসব হামলায় হতাহত ছাড়াও অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং তেল বাণিজ্যসহ বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও এর প্রভাব পড়েছে।
