×

ঢাকা

ফের নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

ফের নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা

ছবি: ভোরের কাগজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘাট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এস বি পরিবহন’-এর একটি বাস ৭ নম্বর পন্টুন দিয়ে ‘করবি’ ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি ফেরির পেছনের ডালা অতিক্রম করে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি ফেরিতে ওঠার পর যাত্রীদের নামানো হচ্ছিল। এ কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।”

ঘটনার খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “বাস পদ্মায় ডুবে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত ২৫ মার্চ ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ঘাটের নিরাপত্তা ব্যবস্থা ও পন্টুন পরিচালনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর নদী থেকে বাসটি উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবির হলের মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের শোক-ব্যানার

ঢাবির হলের মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের শোক-ব্যানার

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

লার্ভার ঘনত্বে বিপৎসংকেত

লার্ভার ঘনত্বে বিপৎসংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App