কুয়াকাটায় জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল, বিক্রি ৩০ হাজারে
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম
ছবি : ভোরের কাগজ
পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিলেছে বিশাল আকৃতির একটি কোরাল মাছের। প্রায় ২৩ কেজি ওজনের এই মাছটি সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে জেলে ফারুক মাঝির জালে ধরা পড়ে। পরে মাছটি ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হয়। বাজারে আনার পর মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষ।
বুধবার (১ এপ্রিল) সকালে ফারুক মাঝি মাছটি কুয়াকাটা পৌর মাছ বাজারের খান ফিশ আড়তে নিয়ে আসেন। ওজন মাপে মাছটির ওজন দাঁড়ায় ২২ কেজি ৭০০ গ্রাম। পরে খোলা দর হাঁকিয়ে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হয়।
ফারুক মাঝি জানান, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল পাতার পর এই বড় কোরাল মাছটি ধরা পড়ে। তিনি বলেন, মাছটি কুয়াকাটা বাজারেই ভালো দামে বিক্রি করতে পেরেছেন।
আরো পড়ুন : ফেসবুক লাইভে দুই সন্তানসহ পিতার বিষপান
খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান বলেন, বড় আকারের মাছের চাহিদা বাজারে অনেক বেশি থাকায় এ ধরনের মাছ ভালো দামে বিক্রি করা সম্ভব হয়। তিনি জানান, দুই দিন আগেও তারা একই ধরনের আরো কয়েকটি বড় মাছ বিক্রি করেছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এমন বড় কোরাল মাছ ধরা পড়া উপকূলীয় জেলেদের জন্য ইতিবাচক বার্তা। সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করার ফলে এ ধরনের বড় মাছের প্রাপ্তি বাড়ছে, যা ভবিষ্যতে জেলেদের জন্য আরো সুফল বয়ে আনতে পারে।
