১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম
ফাইল ছবি
রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। এসব পাম্পে আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ফুয়েল পাস ছাড়া জ্বালানি তেল দেওয়া হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ফিলিং স্টেশনগুলো হলো-
করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা
ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা
মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা
মেসার্স সততা অ্যান্ড কম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা
মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও, ঢাকা
মেসার্স এসপি ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা
সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
স্যাম অ্যাসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর।
মন্ত্রণালয় আরো জানায়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য ফুয়েল পাস সম্পর্কিত নিম্নলিখিত বিষয়গুলো জানানো যাচ্ছে:
১. আইফোন ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকে ফুয়েল পাস রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কিউআর জেনারেট করতে পারবেন। কিউআর কোড পাওয়ার পর সেটির স্ক্রিনশট নিয়ে ফোনে সেভ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট নিয়ে সঙ্গে রাখতে পারবেন। এই কিউআর কোড ফিলিং স্টেশনে স্ক্যান করে জ্বালানি তেল নেওয়া যাবে।
২. যাদের অ্যানড্রয়েড ফোন নেই, তারাও ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিউআর কোড জেনারেট করে তা প্রিন্ট করে (প্রয়োজনে লেমিনেটিং করে) সঙ্গে রাখতে পারেন।
এই কিউআর কোড ফিলিং স্টেশনে স্ক্যান করে জ্বালানি তেল নেওয়া যাবে।
৩. ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। ‘ঘ’ সিরিজের সব গাড়ি ফুয়েল পাস এ রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য অন্যান্য সিরিজ ইতিমধ্যে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
