সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি : ভোরের কাগজ
সিলেট বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। একদিনে আরও তিন শিশুর মৃত্যু হওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে রবিউল ইসলাম নামে এক শিশুর মৃত্যুর পাশাপাশি সরকারি প্রতিবেদনে আরও দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারা হলো ৮ মাস বয়সী তহা এবং দেড় বছর বয়সী ওয়াজিয়া আক্তার। তহা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার বাসিন্দা জামিল আহমদের সন্তান এবং ওয়াজিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর এলাকার সরল মিয়ার মেয়ে। তারা দুজনই আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এই তিনজনসহ চলতি সময়ে সিলেট বিভাগে হাম ও রুবেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১৭২ জন রোগী চিকিৎসাধীন, যাদের বড় একটি অংশই শিশু।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৯৩ জন রোগী ভর্তি রয়েছেন, ফলে সেখানে ধারণক্ষমতার ওপর চাপ তৈরি হয়েছে।
ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় একজনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে।
জেলাভিত্তিক হিসাবে সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেটে ২৬ জন রোগী শনাক্ত হয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এছাড়া মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ৭ জন ল্যাব-নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
শিশুদের মধ্যে হঠাৎ সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা দ্রুত টিকাদানের ওপর গুরুত্ব দিচ্ছেন এবং কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
