পলাতক ৩৭ রোহিঙ্গা আটক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে যাওয়া ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) রাতে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, সন্তোষপুরের ইলিশের ঘাটে রোহিঙ্গাদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল সেখানে পৌঁছে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২৩ জন শিশু-কিশোর।
রোহিঙ্গারা জানিয়েছে, জনপ্রতি পাঁচ হাজার টাকার বিনিময়ে দালালরা তাদের সীতাকুণ্ড উপকূলে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। গত মঙ্গলবার আশ্রয়শিবির থেকে পালিয়ে তারা প্রথমে একটি প্যারাবনে আত্মগোপন করে। সেখানে একদিন কাটানোর পর বুধবার রাতে সীতাকুণ্ডের উদ্দেশে একটি ছোট নৌকায় ওঠে। তবে যাত্রার শুরুতেই নৌকাটি তীরের কাছে ডুবে গেলে তাদের অন্য একটি নৌকায় তুলে দেওয়া হয়।
সীতাকুণ্ড পৌঁছানোর আগেই মাঝপথে নৌকার জ্বালানি ফুরিয়ে গেলে টানা তিন দিন তারা উত্তাল সাগরে ভাসতে থাকে। এ সময় দালালচক্র তাদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন কেড়ে নেয়। অবশেষে তিন দিন পর দালালরা তাদের সন্দ্বীপের সন্তোষপুর ঘাটে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
সন্দ্বীপ থানার ওসি জাহেদ নূর বলেন, ‘রাতে সন্তোষপুর ইউনিয়ন পরিষদ ভবনে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে ভাসানচরে আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে।’
