চুরির দায়ে দুই যুবক গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:১৯ পিএম
ছবি : সংগৃহীত
কুমিল্লার মেঘনা উপজেলায় চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের মোস্তফার ছেলে ফাহিম (২১) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে অনিক হাসান (২৩)।
মামলার সূত্রে জানা যায়, সোমবার মির্জানগর গ্রামে গভীর রাতে গরিব হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া ৬টি আইপিএস ব্যাটারি বিক্রির জন্য সন্ধ্যায় এক দোকানদারের কাছে নিয়ে গেলে সন্দেহের সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দুই চোর স্বীকার করে যে, তারা রাতে গরিব হোসেনের বসতবাড়িতে ঢুকে ব্যাটারি ও আইপিএস চুরি করেছে। পরে দোকানদার বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক করে এবং দোকান থেকে ৬টি ব্যাটারি উদ্ধার করে। এছাড়া গরিব হোসেনের ঘর থেকে ১৩ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ থাকলেও তা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুইজনকে আইনি প্রক্রিয়া শেষে সকালে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ফাহিমের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
