চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক ২
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি ব্যাটারি উদ্ধার করা হয়।
রোববার (১০ মে) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলী এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামের ছেলে মো. ফাহিম (১৯) ও নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার সেইতাখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. মারুফ (১৬)।
জানা গেছে, উপজেলার শিবনগর গ্রামের অটোরিকশাচালক মো. সালাউদ্দিন শনিবার দিনগত রাত ১১টার দিকে নিজের অটোরিকশাটি বাড়ির পাশের গ্যারেজে রেখে ঘুমাতে যান। রোববার ভোরে গ্যারেজে গিয়ে তিনি দেখেন, অটোরিকশার পেছনের সিট খোলা এবং নিচে থাকা তিনটি ব্যাটারির মধ্যে দুটি নেই। পরে গ্যারেজের দক্ষিণ পাশের টিনের বেড়ার নিচের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান তিনি। এতে ধারণা করা হয়, দুর্বৃত্তরা বেড়ার নিচ দিয়ে প্রবেশ করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের দুটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
এদিকে সকালে খবর পান, তুলাতুলী এলাকায় পুলিশের চেকপোস্টে দুই যুবককে দুটি ব্যাটারিসহ আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন উদ্ধার হওয়া ব্যাটারিগুলো নিজের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, অন্য একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে টহল কার্যক্রম চলাকালে তুলাতুলী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে দুই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা শিবনগর এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশার ব্যাটারি চুরির কথা স্বীকার করে। এ ঘটনায় মেঘনা থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে আটক দুজনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আটক মারুফ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী পৃথক প্রতিবেদনের মাধ্যমে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে ফাহিমকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “চুরি প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার এবং জড়িতদের আটক করা সম্ভব হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে সকাল ১১টার দিকে কুমিল্লা আদালতে পাঠানো হয়।
