শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম
নুরুজ্জামান বাদল। ছবি: সংগৃহীত
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন বলে জানানো হয়। ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে তার মৃত্যু হয়।
শেরপুর জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান জানান, রাত ১০টার দিকে অসুস্থতা বেড়ে গেলে বাদলকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহে নিয়ে স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
